
রাজধানীর গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহল জাতীয় পানীয় আটক করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেস্তোরাঁটিতে এ অভিযান চালানো হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
এতে বলা হয়, উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য, বিশেষত অ্যালকোহল ও অ্যালকোহল জাতীয় পানীয় শুল্ক ফাঁকি দিয়ে সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা এসব পণ্যের মজুত শনাক্ত করা, স্থানীয় পর্যায়ে বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি প্রতিরোধ, বিক্রয়লব্ধ অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কি না এবং সংশ্লিষ্ট লেনদেনে অর্থ পাচারের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাইয়ের লক্ষ্যে অভিযান চালানো হয়।
এনবিআরের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল অভিযানটি পরিচালনা করে। সংস্থাগুলো হলো—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।
প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় আটক করা হয়। অভিযানের পুরো সময় বিশেষ সাড়া প্রদানকারী ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) সার্বক্ষণিক সহযোগিতা করে।
আটক পণ্যের বিবরণ, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।
Reporter Name 





















