
শারদীয় দুর্গোৎসবে গতকাল সোমবার মহাষ্টমীর দিনে কুমারী পূজায় মানুষের ঢল নেমেছিল। রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে কুমারী পূজার আয়োজন করা হয়। দেশের অন্য কয়েকটি মণ্ডপেও এ পূজা উদযাপিত হয়েছে সাড়ম্বরে।
ছয় দিনের দুর্গোৎসবের চতুর্থ দিন মহাষ্টমীতে গতকাল সকাল ৭টা ৩৪ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ শেষে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট থেকে রাত ৮টা ৪৩ মিনিটের মধ্যে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন, মঠসহ কয়েকটি মণ্ডপে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে দুর্গাপূজা আয়োজনের কারণে এসব মণ্ডপে পূজার সময়ের কিছুটা হেরফের হয়।
উৎসবের পঞ্চম দিন আজ মঙ্গলবার রয়েছে মহানবমী। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে হোম ছাড়াও যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগ-আরতি থাকবে।
দুর্গাপূজা উপলক্ষে সরকার প্রথমবারের মতো তিন দিনের নির্বাহী ছুটি ঘোষণা করেছে, যা আজ শুরু হয়ে আগামী বৃহস্পতিবার শেষ হবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলেছে।
ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী
গতকাল রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জগন্নাথ হলের মণ্ডপে রিজভী ও ত্রিবেদী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল উপস্থিত ছিলেন। রিজভী বলেন, উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায় এবং ভ্রাতৃত্ববোধ উন্মুক্ত করে। সম্প্রদায়ের গণ্ডি পেরিয়ে উৎসবের সার্বজনীন আহ্বানে অন্য সম্প্রদায়ের মানুষও আনন্দ ও সংহতি অনুভব করে। আবহমান কাল ধরে এ দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে।
দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, দানবীয় অসুররূপী সমাজে অসত্যকে বিনাশ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল মর্মবাণী। এই আনন্দ-উৎসবের বার্তা কোনো একক ধর্মের নয়; বরং সমগ্র মানবজাতির জন্য। মা দুর্গার আরেক নাম দুর্গতিনাশিনী। তিনি দুর্গতি বিনাশ করে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করেন।
এদিকে, ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সস্ত্রীক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন করেন। এরপর তিনি গুলশান ও বনানী পূজামণ্ডপে যান। এ সময় তিনি বলেন, পূজায় অঞ্জলি দেওয়ার প্রকৃত অর্থ হলো অহংকারকে ঈশ্বরের চরণে বিসর্জন দেওয়া এবং নিজেকে সমর্পণ করা।
টাঙ্গাইলে ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক গতকাল বিকেল ৫টায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তাঁকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, ট্রাস্টের পরিচালক ও রণদা প্রসাদ সাহার পুত্রবধূ শ্রীমতী সাহা, ট্রাস্টের পরিচালক মহাবীর পতি চন্দন, সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও উপপরিচালক অনিমেষ ভৌমিক।
এ সময় রোহিঙ্গা সমস্যা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী সংকটে দীর্ঘদিনের অন্যতম সহায়তাকারী।’
Reporter Name 






















