
মধ্যাহ্নভোজের বিরতির আগে খেলা হয়েছে মাত্র ৫ ওভার। যেখানে এইডেন মার্করামের উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। মার্করামের উইকেটটি নিয়েছেন হাসান। পরে আরও একটি সুযোগও তৈরি হয়েছিল। তাসকিনের বলে এলবিডব্লু হয়েছিলেন জুবায়ের হামজা। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান প্রোটিয়া ব্যাটসম্যান। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১৮ রান করেছে। অ্যাকারম্যান ৭ ও জুবায়ের হামজা অপরাজিত আছেন ৪ রানে। এখনো বাংলাদেশের চেয়ে ৩৮২ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা।
শুরুতেই মার্করামকে ফেরালেন হাসান
জোহানেসবার্গ টেস্টে ব্যাটিংয়ে দুর্দান্ত লড়াইয়ের পর বোলিংয়েও দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই আঘাত হেনেছেন পেসার হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।
ইনিংসের ১.৩ ওভারে হাসানের বলটি সামান্য সোজা হয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে খেলতে বাধ্য হন মার্করাম। ব্যাটের আলতো কানায় লেগে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮ বলে এক চারে ৪ রান করে মার্করাম ফিরে গেলে শুরুতেই ব্রেক-থ্রু পায় টাইগাররা। ৮ বলে এক চারে ৪ রান করে ফেরেন মার্করাম। ২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ৫। ক্রিজে মার্কাস অ্যাকারম্যানের সঙ্গী জুবাইর হামজা।
৪০০ ছুঁয়ে অলআউট বাংলাদেশ
এর আগে ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ।
প্রথম বলেই উইকেট হারিয়ে শুরু হওয়া বিপর্যয়ের পর তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তানজিদের ৬৭ রানের ইনিংসের পর হৃদয় ও লিটন দাসের ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় সফরকারীরা।
প্রথম দিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। ৯২ রানে অপরাজিত থাকা লিটন দ্বিতীয় দিন সকালে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। ১৫৪ বলে তিন অঙ্কে পৌঁছানো এই ব্যাটার সেঞ্চুরিটি উৎসর্গ করেন মেয়ে আনাইরাকে। জন্মদিনের উপহার হিসেবে মেয়ের জন্য বিশেষ বার্তাও দেখান তিনি।
লিটন শেষ পর্যন্ত ১৭৯ বলে ১৪ চার ও এক ছক্কায় ১২০ রান করে ডেইন প্যাটারসনের বলে ভিয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এর আগে তাওহিদ হৃদয় প্রথম দিন ২২৭ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। দুজনের ২০৬ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় ও তৃতীয় ব্যাটার হলেন হৃদয় ও লিটন।
দ্বিতীয় দিনের শুরুতে লিটনের সঙ্গে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ করেন ১০ রান। প্যাটারসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর হাসান মাহমুদ ২৪ বলে ১৬ রান করে একই বোলারের শিকার হন। শেষ দিকে তাসকিন আহমেদ চার মেরে বাংলাদেশের সংগ্রহ ৪০০-তে নিয়ে যান। তবে পরের বলেই প্যাটারসনের বলে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা পাঁচটি এবং ডেইন প্যাটারসন তিনটি উইকেট নেন। মার্কো ইয়ানসেন পান একটি উইকেট।
Reporter Name 






















