
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। প্রথম ধাপে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। পরে কিছু পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সন্তোষজনক হলে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে আগামী জানুয়ারির মধ্যে ১১০০ থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। এ সময় কেন্দ্রটি থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিকাল ৩টা ৪৫ মিনিটে উৎপাদনের পরিমাণ ছিল ৩৫০ মেগাওয়াট বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক এ কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রটির ট্রায়াল রান বা পরীক্ষামূলক পরিচালনার নতুন ধাপ শুরু হলো।
প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন ও জেনারেটরের কার্যক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো পরীক্ষা করা হবে।
পরমাণু শক্তি কমিশন জানায়, প্রতিটি ধাপের পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর আবার জাতীয় গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মঙ্গলবার প্রথমবারের মতো গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা করা হয়েছে। এ সময় জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ করে পরীক্ষা চালানো হয়। সর্বোচ্চ ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সবকিছু ঠিকঠাকভাবে চলায় বর্তমানে উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াট পর্যন্ত এনে স্থিতিশীল অবস্থায় রাখা হয়েছে। আরও কিছু পরীক্ষা বাকি রয়েছে। দুই-এক দিন এভাবে চালানোর পর পরবর্তী পরীক্ষাগুলো করা হবে। এরপর ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।
জানুয়ারির মধ্যে ১১০০ থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “এগুলো সবকিছু কিন্তু ন্যাশনাল গ্রিডেই যাবে। ন্যাশনাল গ্রিডে আস্তে আস্তে সব যাবে।”
মানুষের ঘরে কবে বিদ্যুৎ পৌঁছাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবারের সফল পরীক্ষা বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে জানুয়ারির দিকে ১১০০ থেকে ১২০০ মেগাওয়াটে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে সোমবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক কবীর হোসেন বলেছিলেন, গ্রিড সিনক্রোনাইজেশন মূলত একটি পরীক্ষা। এর মাধ্যমে জাতীয় গ্রিড বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ গ্রহণ করতে পারছে কি না, তা যাচাই করা হয়। প্রথমবারের মতো এ পরীক্ষা চালানোর সময় পাঁচ বা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। পরীক্ষার ফলের ভিত্তিতে পরবর্তী সময়ে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ১১ অক্টোবর রূপপুরের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। ওই দিন বিকাল ৩টা ৩৪ মিনিটে এ প্রক্রিয়া শুরু হয়েছিল। পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া শুরুর এ পর্যায়কে বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। এ পর্যায়ে চুল্লির ভেতরে পারমাণবিক জ্বালানি থেকে নিয়ন্ত্রিতভাবে তাপ উৎপন্ন হতে শুরু করে।
Reporter Name 



















