
৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রাত ৮টায় স্বাগতিক বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। ছয় দলের প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল সোমবার সবার আগে ঢাকায় এসেছে ভুটান ফুটবল দল। অনেকটা নীরবে বাংলাদেশে এসে পৌঁছায় তারা। এত বড় একটা টুর্নামেন্ট অথচ ভুটান দলের ঢাকায় আসা নিয়ে আয়োজক সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। ভারত ও পাকিস্তান– দুই দলেরই আজ ঢাকায় আসার কথা রয়েছে।
মঙ্গলবার থেকে মাঠের প্রস্তুতি শুরু করবে ভুটান। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ গতকাল ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছে জাতীয় স্টেডিয়ামে। ভুটানের বিপক্ষে খেলার সাম্প্রতিক অভিজ্ঞতাও আছে বাংলাদেশের। গত বছরের ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে ঢাকায় ভুটানকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। সংস্কারকাজ শেষে সেই ম্যাচ দিয়েই ঢাকা স্টেডিয়ামে নতুন করে ফুটবল ফিরেছিল। ম্যাচটিতে ভুটানকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম গোলটি সেদিন ভুটানের বিপক্ষেই করেছিলেন হামজা চৌধুরী।
বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত হয়েছে ‘এ’ গ্রুপ। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। ফাইনাল ১৭ নভেম্বর।
Reporter Name 






















