
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি ইয়াসামিন আনসারি ও রো খান্না। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সরকারি ব্যয় অনুমোদন সময়সীমার আগে তারা এ আহ্বান জানান।
এক যৌথ ভিডিও বার্তায় আনসারি বলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি এ প্রসঙ্গে ২৩ মার্কিন সেনাসদস্য এবং মধ্যপ্রাচ্যজুড়ে হাজারো মানুষের প্রাণহানি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেন।
রো খান্না বলেন, আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, কংগ্রেস ভিয়েতনামে আক্রমণাত্মক সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটিয়েছিল। ইরানের ক্ষেত্রেও আক্রমণাত্মক সামরিক তৎপরতার অর্থায়ন বন্ধ করতে হবে।
১১ ডিসেম্বরের সময়সীমার আগেই কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান দুই আইনপ্রণেতা। তাদের মতে, যুদ্ধের পেছনে ব্যয় না করে ওই অর্থ দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকারের খাতে ব্যবহার করা উচিত।
তারা আরও জানান, এই যুদ্ধে আর কোনো মার্কিন করদাতার অর্থ ব্যয় করা উচিত নয়।
Reporter Name 


















