
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সরকারি ও বিরোধী দল কিছু বিষয়ে সমঝোতা করে আলোচনা থেকে বিরত থেকেছে। এর অংশ হিসেবে বিরোধী দলের দেওয়া সাতটি নোটিশের মধ্যে শেষ পর্যন্ত একটির ওপর আলোচনা হয়েছে। বাদ পড়া নোটিশগুলোর অন্যতম ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে আলোচনা। দল দুটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এর আগের অধিবেশনে আলোচনায় সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে সরকারি ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠছিল। আইন প্রণয়ন প্রক্রিয়া দ্রুত শেষ করা, বিরোধী মত গ্রহণে কিছুটা অনুদারতা দেখা গেছে ওই অধিবেশনে। তবে জ্বালানি ও গ্যাস সংকট, সার সংকটের মতো জনস্বার্থের বিষয় আলোচনা হয়েছে।
গত ৯ নভেম্বর শুরু হওয়া চতুর্থ অধিবেশন ছিল ৮ কার্যদিবসের। এই অধিবেশনে আইন প্রণয়নের চেয়ে রাজনৈতিক আলোচনা শেষ দিকে প্রধান্য পায়। বিল পাস হয়েছে চারটি। এর তিনটি আগে অধ্যাদেশ হিসেবে জারি হয়েছিল। ফলে বিল পাস ছিল আনুষ্ঠানিকতা মাত্র। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল স্থায়ী কমিটিতে পাঠানো হয়নি। সরাসরি উত্থাপন করে পাস করা হয়।
এ অধিবেশনে বিরোধী জোট গঙ্গার পানি বণ্টন চুক্তি, পোশাক খাতে শ্রমিক অসন্তোষ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের নাশকতা, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা, সারের ডিলার নিয়োগে অনিয়ম, গ্যাসের দাম বৃদ্ধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দেয়।
জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান সমকালকে বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশের স্বার্থে সরকারকে কিছু বিষয়ে সহযোগিতা করে জামায়াত। আবার সরকার দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেসব কাজ করে, তাতে বিরোধিতা করে। কিন্তু সরকারি দল দেশের স্বার্থে আনা নোটিশগুলোকে নিয়ে আলোচনা করেনি। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া সরকার ঐক্যের যে ডাক দিয়েছে, তা গড়ে উঠবে না।
অধিবেশন কক্ষের বাইরে আলোচনা
সরকারি ও বিরোধী দলের সূত্র জানায়, কয়েকটি নোটিশ নিয়ে অধিবেশন কক্ষের বাইরে সরকারি এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে। অধিবেশনের প্রথম দিনে বিরোধী দল জামায়াতে ইসলামী ১৪৭ বিধিতে গঙ্গার পানি বণ্টন চুক্তি এবং পোশাক খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দেন। এ বিষয়ে সরকারি দল বলেছে, রাস্তায় বলপ্রয়োগ না করে শ্রমিকদের বুঝিয়ে এবং মালিকদের পক্ষে যতটা দেওয়া সম্ভব মজুরি, ততটা বাড়িয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায় তারা। তাই এ নিয়ে বিরোধী দলকে সংসদে আলোচনা নিরুৎসাহিত করে সরকারি দল। কারণ সংসদে এই নিয়ে বড় বিতর্ক হলে তা সমস্যা সমাধানের প্রক্রিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।
সরকারের পক্ষ থেকে এ বিষয়ে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যও বিরোধী দলকে জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শ্রমিকদের মধ্যে ঢুকে পড়েছে। মজুরি বোর্ড গঠনের পরও প্রতিদিন শ্রমিকদের রাস্তায় নামতে উস্কানি দিচ্ছে তারা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে হাজারো ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপ থেকে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের গুজব ছড়ানো হয়। এতে কিছু কারখানার শ্রমিক উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে। তারা বের করে অন্য কারখানার শ্রমিকদের। কারখানাগুলোয় হামলা করছে মূলত বহিরাগতরা।
এক পর্যায়ে গার্মেন্ট শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনায় পিছিয়ে দেওয়ার প্রস্তাব মেনে নেয় বিরোধী দল। বিরোধী দলের সংসদীয় দায়িত্বে থাকা একাধিক সদস্য একাধিকবার দেখা করেন স্পিকারের সঙ্গেও। সাতটি প্রস্তাবের মধ্যে পোশাক শ্রমিক আন্দোলন, আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আলোচনা চেয়ে দেওয়া নোটিশ গ্রহণ করেন স্পিকার। কিন্তু শেষ পর্যন্ত আলোচনা হয় শ্রমিক অসন্তোষ নিয়ে। ১১ নভেম্বর এই আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়। সেদিনও আলোচনা হয়নি। পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে ১৭ নভেম্বর আলোচনা হয়েছে এবং তাতে নমনীয় ছিলেন বিরোধীরা।
যদিও চলতি মাসের শুরুতে শ্রমিকদের আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিল এনসিপির শ্রমিক সংগঠন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছিল তারা। আওয়ামী লীগের সম্পৃক্ততার গোয়েন্দা তথ্য সরকারি দল জানানোর পর তারা আন্দোলন থেকে সরে যায়।
আওয়ামী লীগ নিয়ে আলোচনায় সরকারি দলের অনীহা
১৬ নভেম্বর দিনের কার্যসূচিতে ছিল জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমানের নোটিশ। ১৪৭ বিধিতে দেওয়া নোটিশে আওয়ামী লীগ ও তার সহযোগীদের দেশে নাশকতা ও বিদেশে বাংলাদেশবিরোধী অপপ্রচার; তাকে ঠেকাতে বার্তা-কাঠামো প্রণয়ন; গুমের শিকার পরিবার, জুলাইয়ে নিহত ও আহতদের পরিবার এবং গোপন বন্দিশালা থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষ্য আন্তর্জাতিক পরিসরে মর্যাদার সঙ্গে উপস্থাপন; সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব করা হয়। কিন্তু এ নিয়ে আলোচনা হয়নি।
বিরোধী দলের সূত্র জানায়, সরকারি দলের মনোভাব ছিল, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে নিয়ে সংসদে আলোচনা হলে রাজনৈতিকভাবে তাঁকে গুরুত্ব দেওয়া হবে। ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যে আওয়াজ আছে তাকে গুরুত্ব দিতে চায় না সরকারি দল। এ বার্তার পর আওয়ামী লীগ নিয়ে আলোচনা থেকে বিরোধী জোট সরে আসে। ফলে কার্যসূচিতে থাকলেও বিরোধী দলের সম্মতিতে এ বিষয়ে আর আলোচনা হয়নি।
কিন্তু ১৭ নভেম্বর সংসদে চলাকালে খবর আসে গোপালগঞ্জে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া পুলিশ থানা পুড়িয়ে দিয়েছে। আগুন দিয়েছে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে। এতে চলমান আলোচনা পোশাক খাত থেকে সরে যায় আওয়ামী লীগের দিকে।
সরকারি এবং বিরোধী দলের চারজন নেতা সমকালকে বলেন, সংসদের বক্তৃতায় এবং সংসদের বাইরে আলোচনায় শুরুতে বিরোধী দলের প্রতি সরকারি দলের বার্তা ছিল, আওয়ামী লীগ নাশকতার মাধ্যমে সরকারকে বল প্রয়োগের উস্কানি দিচ্ছে। এতে পা দিলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তখন আওয়ামী লীগ দেশে-বিদেশে একে তার রাজনৈতিক প্রচারণায় ব্যবহারের সুযোগ পাবে। জুলাই অভ্যুত্থানে নির্বিচার হত্যার কারণে আওয়ামী লীগ যে সংকটে পড়েছে, আওয়ামী লীগের কর্মসূচিতে বল প্রয়োগে প্রাণহানি ঘটলে বিএনপিকেও একই অবস্থায় ফেলতে চাইবেন শেখ হাসিনা। অধিবেশনের বাইরে দুপক্ষের মধ্যে এ বিষয়ে বোঝাপড়া হয়। ফলে নোটিশ অনুযায়ী সংসদে আলোচনা হয়নি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শুক্রবার বলেছেন, শেখ হাসিনার লাশ দরকার। তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই তার লাশ দরকার।
আলোচনা যেভাবে চলে
৬৮ বিধিতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দেন। একই বিধিতে বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলেচনার প্রস্তাব দেয় জামায়াত। ছিল রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার প্রস্তাবও।
অধিবেশনের শেষ দিন, ১৮ নভেম্বরের কার্যসূচিতে ছিল প্রধানমন্ত্রীর জাপান সফর এবং মাতারবাড়ী নিয়ে আলোচনা। তাও হয়নি। তবে প্রধানমন্ত্রী তাঁর সমাপনী ভাষণে আগামী অধিবেশনে মাতারবাড়ী নিয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সংসদে উপস্থাপনের ঘোষণা দেন।
সেদিন সংসদ নেতার সমাপনী ভাষণে আওয়ামী লীগের নাশকতা দমনে হুঁশিয়ারি আসে। ফ্যাসিবাদ প্রতিরোধে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐক্যের ডাক দেন তিনি। এর আগে বিরোধীদলীয় নেতা গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্য দৃঢ় করার প্রস্তাব দেন।
শুরুতে অনাগ্রহ, শেষে ঐক্যের ডাকে
প্রথম দিনে সংসদ আগের তিন অধিবেশনের মতোই পরস্পরকে আক্রমণ করে বক্তৃতা করে সরকারি ও বিরোধী দল। ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জে সহিংসতা শুরু করলে পরিস্থিতি বদল হতে শুরু করে। সেদিন সংসদে ৩০০ বিধির বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঐক্যের আহ্বান জানান।
জামায়াত জানায়, ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে আহ্বান আসতে হবে। দিতে হবে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরকারি এবং বিরোধী দলের মধ্যে দুই দফা উত্তেজনা ছড়ায় ১১ নভেম্বর। পরের দিনও এর রেশ ছিল। স্পিকার এর ইতি টানেন। ১৫ নভেম্বর গোপালগঞ্জের পরিস্থিতির পর সরকারি এবং বিরোধী দলের মধ্যে পর্দার আড়ালে আলোচনা শুরু হয় বলে দল দুটির সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগের তৎপরতা প্রতিরোধে বিএনপি এবং অঙ্গসংগঠন চলতি মাসের শুরু থেকেই রাজপথে রয়েছে। জামায়াত এতে ছিল না। এনসিপি শুরুতে নামলেও পরে সরে যায়। এ পরিস্থিতির মধ্যে ১৮ নভেম্বর সংসদে প্রধানমন্ত্রী কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত আমির শফিকুর রহমানের বৈঠক হয়। এ বৈঠকের পর সমাপনী ভাষণে দুই নেতাই ঐক্যের কথা বলেন।
সংসদ অধিবেশনের পর জামায়াত নেতৃত্বাধীন জোট গণভোটের রায় বাস্তবায়নের শর্ত জুড়ে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার কথা জানিয়েছে। নাশকতা প্রতিরোধে জামায়াত ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এনসিপিও কর্মসূচি দিয়েছে ডিসেম্বর মাসজুড়ে।
Reporter Name 




















